পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলায় এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি জানান, সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়।
হামলায় নিহত ও আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার অনেকগুলোর দায় টিটিপি এবং বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে। বিএলএ মূলত বালুচিস্তানে সক্রিয় এবং পাকিস্তান থেকে অঞ্চলটির বিচ্ছিন্নতার দাবি করে আসছে।
টিটিপি আফগান তালেবান থেকে আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে মিত্রতা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ডে টিটিপিসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস